কুষ্টিয়ার ভেড়ামারায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে আটকে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ঝুলন্ত অবস্থায় থাকার পর ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।
নিহত মো. সাজিদ পূর্ব চর দামুকদিয়ার মো. আব্দুল কালামের ছেলে। তিনি উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার সুজন উদ্দিন সজলের তিনতলা বাড়ির বারান্দায় টাইলস বসানোর কাজ করছিলেন।
গত তিন দিন ধরে কাজ চলছিল। বারান্দা থেকে বৈদ্যুতিক খুঁটির দূরত্ব মাত্র সাড়ে তিন ফুটের মতো। বাঁশের মাচার ওপর দাঁড়িয়ে কাজ করার সময় তার সঙ্গে ১১ হাজার ভোল্টের তারের দূরত্ব ছিল মাত্র দেড় ফুট। কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে কাজ করতে গিয়ে তিনি তারে আটকে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর প্রায় এক ঘণ্টা মৃতদেহ তারে ঝুলছিল। প্রায় ৪০ মিনিট পর এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। দশ মিনিটের মধ্যে লাশ উদ্ধার করে পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছি।’
সাজিদের চাচা আব্দুল আজিজ বলেন, ‘তিন দিন ধরে সে এখানে কাজ করছিল। এভাবে ঝুঁকি নিয়ে কাজ করতে দেওয়া উচিত হয়নি।’
ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মাসুম পারভেজ বলেন, ‘আমাদের বিদ্যুৎলাইন নির্ধারিত ম্যাপ অনুযায়ী চলেছে। পর্যাপ্ত জায়গা না রেখে এত কাছে বাড়ি করা উচিত হয়নি। ১১ হাজার ভোল্টের তারের আশপাশে নিরাপত্তা ছাড়া কাজ করা উচিত নয়।’
ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের টিম গিয়েছে। ফায়ার সার্ভিস লাশ বুঝিয়ে দিয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এসডব্লিউএন