গাজা উপত্যকায় মানবিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবা সচল রাখতে প্রায় ১৩ লাখ লিটার জ্বালানি সরবরাহে জাতিসংঘের সঙ্গে চুক্তি করেছে কাতার। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দোহার পক্ষ থেকে অনুদান হিসেবে এই জ্বালানি গাজায় পাঠানো হবে। মূলত হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এবং নিয়মিত জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীল অন্যান্য জরুরি ও মৌলিক সেবা চালু রাখতেই এ সহায়তা দেওয়া হচ্ছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় প্রয়োজনীয় সেবা ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সেখানে কাজ করা বিভিন্ন সংস্থাকে ফিলিস্তিনিদের জন্য সেবা প্রদানেও সহায়তা করবে এই জ্বালানি।
কাতারের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চের শেষ পর্যন্ত গাজায় প্রায় তিন কোটি লিটার জ্বালানি সরবরাহ করেছে দেশটি। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আরও দেড় কোটি লিটার জ্বালানি দেওয়ার ঘোষণা দেয় কাতার। ওই সহায়তার পর গাজায় কাতারের সরবরাহ করা জ্বালানির মোট পরিমাণ তিন কোটি লিটারে পৌঁছায়।
দোহার ভাষ্য অনুযায়ী, জ্বালানিনির্ভর স্বাস্থ্য ও মানবিক সেবার মাধ্যমে গাজার প্রায় ২১ লাখ ফিলিস্তিনি উপকৃত হতে পারেন। তাদের মধ্যে শিশু, নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরাও রয়েছেন।
তবে নতুন করে ঘোষিত ১৩ লাখ লিটার জ্বালানি কবে এবং কীভাবে গাজায় পৌঁছানো হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। একই সঙ্গে জাতিসংঘের কোন সংস্থা জ্বালানি বিতরণের দায়িত্ব পালন করবে, তাও কাতারের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
সূত্র: জেরুজালেম পোস্ট
ডিবিসি/এসএফএল