সারা বাংলা

ভুল করে ভারত সীমান্তে গিয়ে আটক হওয়ার ১১ দিন পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভুল করে ভারতীয় সীমান্তে প্রবেশ করে বিএসএফের হাতে আটক হওয়ার ১১ দিন পর দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি।

শুক্রবার সন্ধ্যায় ভারতের সাগরপাড়া সীমান্তের বিএসএফ ক্যাম্প থেকে আলাইপুর বিজিবি ক্যাম্পের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। দীর্ঘ উৎকণ্ঠার পর প্রিয়জনদের সুস্থ অবস্থায় কাছে পেয়ে পরিবারগুলোতে স্বস্তি ফিরেছে।

 

গত ৭ সেপ্টেম্বর রাতে কুষ্টিয়ার বাংলাবাজার চর থেকে পাট কিনে নৌকায় করে রাজশাহীর বাঘায় ফিরছিলেন তারা। পথে পদ্মা নদীর তীব্র স্রোতে দিক হারিয়ে তারা ভারতের প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়লে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। ফিরে আসা পাঁচ বাংলাদেশি হলেন- বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের মোশাররফ হোসেন (২২), শাহাবুল আলী (৪২), বাবর আলী (৪৫), নৌকার মাঝি আসাদুল ইসলাম (৪১) ও সাইফুল ইসলাম (৫৮)।

 

আটকের পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদের ছাড়তে অস্বীকৃতি জানায় বিএসএফ। পরে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর প্রশাসনিক ও কূটনৈতিক তৎপরতা শেষে শুক্রবার তাদের দেশে ফেরানো সম্ভব হয়।

 

শুক্রবার রাতে আলাইপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন পদ্মা নদীর তীরে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ও আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমানের উপস্থিতিতে ওই পাঁচজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নদীর স্রোতে ভুলবশত আটক হওয়া নিজ এলাকার নাগরিকদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন