রাজনীতি

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করা ও আধিপত্যবাদের বিরুদ্ধে: বিরোধীদলীয় নেতা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের এ লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা দলীয় দাবি নিয়ে আন্দোলনে নামিনি। গণভোটের গণরায় নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছি।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগরা বাইপাস রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে পথসভা সঞ্চালনা করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান।

 

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’ এ সময় তিনি চলমান আন্দোলন সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান।

 

পথসভায় এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, ‘আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। কিন্তু বর্তমান সরকার কোনো অবস্থাতেই তা পারছে না। আমরা সংস্কার চাই, সংস্কার করতে হবে।’

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, ‘আমরা অধিকার আদায়ের জন্য উত্তর জনপদে লং মার্চে যাচ্ছি। গণদাবি নিয়ে ১১ দল রাজপথে নেমেছে। আন্দোলনের সফলতা নিয়ে ঘরে ফিরবে।’

 

তিনি আরও বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কোনো উপায় নেই। গণভোটের গণরায় বাস্তবায়ন করে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।’ একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের টালবাহানা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটের গণরায় না মেনে সরকার প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সরকারের ব্যর্থতা কোটি কোটি মানুষকে জানাচ্ছি।’

 

তিনি বলেন, ‘অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।’

 

খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম বলেন, ‘১৮ কোটি মানুষের গণদাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। সরকারকে গণভোটের গণরায় বাস্তবায়ন করতেই হবে।’

 

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বিএনপি এখন নাই নাই-খাই খাই পার্টিতে পরিণত হয়েছে। দেশকে ফ্যাসিবাদমুক্ত ও লুটপাট বন্ধ করতে আমাদের লড়াই চলছে।’

 

পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও নুরুল ইসলাম বুলবুলসহ নেতারা।

 

এর আগে সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ করে ১১ দলীয় ঐক্য। সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লং মার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে।

 

পথে তেজগাঁও, মহাখালী, বনানী, খিলক্ষেত, উত্তরা ও টঙ্গীতে নেতাকর্মী ও সমর্থকেরা ফুল ও স্লোগানে বহরকে অভিবাদন জানান। পরে বহরটি গাজীপুরের ভোগরা বাইপাস রোডে আয়োজিত পথসভায় যোগ দেয়।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন