সারা বাংলা

নাটোরে পুকুর থেকে আনসার ভিডিপি সদস্যের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের বাগাতিপাড়ায় একটি পুকুর থেকে শাহজাহান আলী (৫৩) নামের এক আনসার ভিডিপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কোয়ালিপাড়া এলাকায় আব্দুল খালেকের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।

নিহত শাহজাহান আলী উপজেলার চককোয়ালিপাড়া গ্রামের মৃত নাদের আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে কোয়ালিপাড়া গ্রামের আরেকটি পুকুরপাড়ে পরিচিত কয়েকজনের সঙ্গে আড্ডা শেষে শাহজাহান আলী বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে পুকুর মালিক খালেকের ছেলে রফিকুল ইসলাম পুকুরপাড়ের একটি গাছে শার্ট ঝুলন্ত এবং নিচে স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। বিষয়টি শাহজাহানের পরিবারকে জানালে পরিবারের সদস্যরা এসে তল্লাশি চালিয়ে পুকুরের পানি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

 

স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার ওই পুকুরে অবাঞ্ছিত মাছ নিধনের জন্য গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছিল, যার ফলে মরা মাছ ভেসে উঠছিল। রাতে বাড়ি ফেরার পথে মরা মাছ তুলতে গিয়েই অসাবধানতাবশত পানিতে ডুবে তাঁর মৃত্যু হতে পারে।

 

নিহতের ছেলে আসিফ আলী জানান, তাঁর বাবার কারও সঙ্গে কোনো শত্রুতা বা আর্থিক বিরোধ ছিল না। পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় মরা মাছ তুলতে গিয়েই তিনি পানিতে পড়ে মারা গেছেন বলে তাঁদের ধারণা।

 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন