চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসে এ অভিযান চালানো হয়।
আটক দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পৌর বাস টার্মিনালে পৌঁছানোর পর তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী দেলোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, জব্দ করা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন দেলোয়ার হোসেন। মামলার পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এসএফএল