ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের অদূরে রেললাইনের জয়েন্টের নাটবল্টু খুলে চুরির সময় আশিক মিয়া (৩০) নামের এক চিহ্নিত চোর ও ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তারের পর শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ভৈরব রেলওয়ে থানাধীন ২৬ নম্বর মেঘনা ব্রিজের নিকটবর্তী আপ লাইনের এপ্রোনের (২৩২২৫-২৬২-৬ এর মধ্যবর্তী স্থান) ওপর অভিযান চালায় এবং আশিককে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, আটকের সময় তার কাছ থেকে রেললাইনের ১৪টি ভারী জয়েন্ট নাটবল্টু উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আশিক মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কার্ডরা গ্রামের মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে। উদ্ধারকৃত প্রতিটি নাটের দৈর্ঘ্য ৫.৫ ইঞ্চি এবং ওজন প্রায় ৯.১ কেজি বলে জানিয়েছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রতিটি ৬০০ টাকা ধরে মোট ৮ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবিসি/আরএসএল