প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় টিএমজিবির ২০২৩–২৪ মেয়াদ এবং বর্ধিত ২০২৫ মেয়াদের সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন এবং কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল আর্থিক বিবরণী পেশ করেন। সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে দুটি প্রতিবেদনই অনুমোদিত হয়।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সুসংগঠিত করতে কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা ১১ থেকে কমিয়ে ৯ জনে নামিয়ে আনার প্রস্তাব উত্থাপন করা হলে সাধারণ সদস্যরা সর্বসম্মতভাবে তা অনুমোদন করেন।
সভায় সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সাধারণ সদস্য এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সহ-সভাপতি মইদুল ইসলাম, সহ-সভাপতি কুমার বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম দাস্তগীর তৌহিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী।
সভায় জানানো হয়, ২০২৬–২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আগামী অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের নাম ঘোষণা করা হয়। এছাড়া নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বাক্কো (BACCO) সভাপতি তানভীর ইব্রাহিম এবং টিএমজিবি ট্রাস্টি বোর্ডের সদস্য সুমন আফসার।
ডিবিসি/পিআরএএন