আন্তর্জাতিক, অন্যান্য

জাপান সাগরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তর কোরিয়া আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। রবিবার (২০ সেপ্টেম্বর) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রথমে এটিকে ‘সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হিসেবে উল্লেখ করে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, পিয়ংইয়ং পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

পরে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানান, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলসংলগ্ন এলাকা থেকে উত্তর-পূর্ব দিকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬০ কিলোমিটার উচ্চতায় উঠে ৪৪০ কিলোমিটার পথ অতিক্রম করে এবং জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।


এর আগে চলতি সপ্তাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিবিরোধী একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে পিয়ংইয়ং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের প্রস্তাব উত্তর কোরিয়ার ‘পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র’ হিসেবে অবস্থানে কোনো প্রভাব ফেলবে না।


আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের কাছে ‘৫৭টি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র’ রয়েছে। তিনি কিমের সঙ্গে আবারও বৈঠকের আগ্রহ প্রকাশ করেন।


অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যুক্তরাষ্ট্রকে পিয়ংইয়ংয়ের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া-জাপান যৌথ সামরিক মহড়াকে ‘যুদ্ধের মহড়া’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন কিম ইয়ো জং।


সূত্র: ইউরোনিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন