মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে সোনিয়া আক্তার (৩২) নামে এক গৃহবধূকে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের খাড়াকান্দি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার বিকেলে স্বামী সোহেল (৩৫) বাজারে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় স্ত্রী সোনিয়ার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয় এবং দুজনেই লাঠি দিয়ে একে অপরকে আঘাত করেন বলে স্থানীয়রা জানান। এরপর সোহেল ও তাঁর পরিবারের লোকজন সোনিয়াকে খাড়াকান্দি সেতু থেকে নদীতে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এ সময় সোহেলের দাদি বাধা দিতে গেলে তাঁকেও ধাক্কা দিয়ে আহত করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাকিবুল হাসান জানান, তাদের কাছে এখনো এ ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল