চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে ইকরা মণি নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত ইকরা মণি উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্দপাড়া এলাকার প্রবাসী মো. বাবলুর মেয়ে।
শিশুটির চাচি মাজেদা বেগম জানান, সন্ধ্যা ৬টার দিকে বাড়িতে থাকা অবস্থায় ইকরা মণির ডান পায়ের পাতায় সাপে কামড় দেয়। পরে দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিদোয়ান বলেন, মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
চিকিৎসক জানান, শিশুটির ডান পায়ের পাতায় সাপের কামড়ের চিহ্ন রয়েছে। তবে কী ধরনের সাপে কামড়েছে, তা স্বজনরা জানাতে পারেননি।
ডিবিসি/এসভিএন