জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন।

এবারের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন। রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভাষণে সরকারপ্রধান বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন।

 

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছাড়াও রয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পাশাপাশি, রাজনৈতিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন এই সফরে যুক্ত হয়েছেন।

 

পররাষ্ট্র সচিব আরও জানান, একটি কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী তত দিনই যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। সফরে তিনি রোহিঙ্গা সংকট সমাধান, সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক যাত্রাসহ মোট ৫টি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ দুটি সাইডলাইন ইভেন্টেরও আয়োজন করেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন