জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ (২১ সেপ্টেম্বর ২০২৬) সোমবার ভোর সাড়ে ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রতিনিধিদলটি যাত্রা করে। দলটি ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কে পৌঁছাবে।
জাতিসংঘ অধিবেশনের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ প্রাথমিক স্বাস্থ্যসেবা (Primary Health Care) বিষয়ক একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে। সবার জন্য সহজলভ্য, সমতাভিত্তিক ও গণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার উপায় তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠিতব্য এই সাইড ইভেন্টে মূল বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জাতীয় ও বৈশ্বিক স্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনে প্রাথমিক স্বাস্থ্যসেবার তাৎপর্য এবং এ বিষয়ে বাংলাদেশের কৌশল ও অবস্থান তুলে ধরবেন।
ইভেন্টের অংশ হিসেবে ডা. জিয়াউদ্দিন হায়দারের সঞ্চালনায় একটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, সিয়েরা লিওনসহ ছয়টি দেশের স্বাস্থ্যমন্ত্রী অংশ নেবেন। প্যানেল আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে নিজ নিজ দেশের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।
জাতিসংঘের এই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক সম্পৃক্ততার বহিঃপ্রকাশ। বিশেষ করে একটি টেকসই ও সংকটসহনশীল স্বাস্থ্যব্যবস্থা বিনির্মাণে বাংলাদেশের দায়বদ্ধতা এ সফরে প্রধান্য পাবে। সাধারণ পরিষদের অধিবেশন ও সাইড ইভেন্টের পরবর্তী বিস্তারিত কর্মসূচি যথাসময়ে প্রকাশ করা হবে।