নাটোর-রাজশাহী মহাসড়কে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্র (৫০) নামে এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন চন্দ্র বগুড়া জেলার শেরপুর থানার ভাটরা গ্রামের মৃত গোবর্ধনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে রাজশাহী থেকে একটি অ্যাম্বুলেন্স নাটোরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক স্বপন চন্দ্র মারা যান। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়।
খবর পেয়ে পবা হাইওয়ে থানা (পুঠিয়া, রাজশাহী) পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পবা হাইওয়ে থানার এএসআই হায়দার আলী জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।