ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
কাতার ও ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাফুফে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রবিবার সন্ধ্যা ৭টায়।
ভুটান ম্যাচের আগের দিন ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আট-ঘাট বেধে অনুশীলন করেছে জেমি ডের শিষ্যরা। ভুল ক্রটি যতটুকু আছে কিংবা ডেভেলপমেন্টের জায়গা, সব বিষয়েই কাজ করতে দেখা গেছে জামাল-রানাদের।
কাতার ও ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখেই আয়োজন করা হয়েছে এই ম্যাচের। তাই, খেলার সময়ও নির্ধারণ করা হয়েছে সেভাবেই।
বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার মতো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে ভারত। সেখানে নিজেদের শক্তিমত্ত্বার চাইতে দুর্বল ভুটানের সঙ্গে ম্যাচ আয়োজন করেছে বাফুফে। তার ওপর জাতীয় দলের মোড়কে ঢাকায় এসেছে ভুটানের অনূর্ধ্ব ২৩ দল। আসলেই কী এই প্রীতি ম্যাচ কাজে দেবে বিশ্বকাপ বাছাইয়ে? এ প্রশ্নের জবাবে বাংলাদেশ কোচ জেমি ডে বলেন, 'দেখুন প্রত্যেকটি ম্যাচেরই গুরুত্ব আছে। আমরা মানছি এটা অনূর্ধ্ব ২৩ দল, কিন্ত এখান থেকেও অনেক কিছু শেখার আছে। খেলার পরই ফল বোঝা যাবে।'
ভুটানকে নিয়ে জামাল ভুইয়ার আপত্তি নেই। প্রতিপক্ষ আরও বেশি পোক্ত হলে প্রস্তুতিটা ভালো হতো, বলে মত অধিনায়কের। তবে, প্রীতি ম্যাচ নয়, মূল চিন্তা বিশ্বকাপ বাছাই নিয়ে। তাই সতীর্থদের পারফরমেন্সে চিন্তা বাড়ছে কাপ্তানের।
ভুটান অধিনায়ক চেনসু গেলসেনের কাছে বাংলাদেশটা ঘরের মতোই। বিপিএলে খেলেন চট্টগ্রাম আবাহনীতে। জয় নিয়ে তাই আশাবাদী। সেনসু গেলসেন জানান, 'আমাদের দলটা একেবারে নতুন। তবে, তারা বেশ আত্ববিশ্বাসী। আমার বিশ্বাস তারা ভালো করবে। আমিও গতবারের চেয়ে এবার আরও ভালো করার চেষ্টা করবো।'
প্রথম ম্যাচের পর ৩ দিনের বিশ্রাম পাচ্ছে দু’দল। বৃহস্পতিবার আবার একই সময় একই ভেন্যুতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান।