ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জানিয়েছেন যে, তিনি লেবাননের সাথে শান্তি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। এই আলোচনার একটি মূল বিষয় হবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, "ইসরায়েলের সাথে সরাসরি আলোচনা শুরুর জন্য লেবাননের বারবার অনুরোধের প্রেক্ষিতে, আমি গতকাল মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সাথে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি। এই আলোচনার মূল লক্ষ্য হবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন।"নেতানিয়াহুর এই মন্তব্যের বিষয়ে লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে নেতানিয়াহুর এই বিবৃতির ঠিক এক ঘণ্টা আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছিলেন, "লেবাননের বর্তমান পরিস্থিতির একমাত্র সমাধান হলো প্রথমে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি অর্জন করা এবং পরবর্তীতে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু করা।"
তিনি আরও জানান, তিনি এই বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন, যা আন্তর্জাতিক মহলের কাছেও ধীরে ধীরে "ইতিবাচক" হিসেবে সাড়া পাচ্ছে। গত ২ মার্চ ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা শুরু করার পর, ইসরায়েলও তাদের বিরুদ্ধে নতুন করে জোরদার অভিযান শুরু করে। লেবানন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত প্রায় ১,৭০০ মানুষ নিহত হয়েছেন এবং দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
অন্যদিকে, গোষ্ঠীটির সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই সংঘাতে অন্তত ৪০০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। হিজবুল্লাহও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে শত শত রকেট এবং ড্রোন নিক্ষেপ করেছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/কেএলডি