বাংলাদেশ, রাজনীতি

আটকের ১১ ঘণ্টা পর ফখরুল-আব্বাসকে গ্রেপ্তার দেখাল পুলিশ

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

শুক্রবার ৯ই ডিসেম্বর ২০২২ ০৯:১৯:০১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আটকের প্রায় ১১ ঘণ্টা পর বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখাল পুলিশ।

রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলা মামলায় দু’জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান জানান, কিছুক্ষণের মধ্যেই তাদের আদালতে তুলে রিমান্ডের আবেদন জানানো হবে।

 

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শাহজাহানপুরের বাসা থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করে পুলিশ।

 

বিএনপির দুই জ্যেষ্ঠ নেতার পরিবারের দাবি, গ্রেপ্তারি পরোয়ানার কাগজ না দেখিয়ে আটকের বিষয়ে প্রশ্ন করলে ওপরের মহলের আদেশের কথা জানায় পুলিশ।


মির্জা ফখরুলের সহধর্মিনী রাহাত আরা বেগম বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানার কোন কাগজপত্র না দেখিয়ে আটক করার কারণ জানতে চাইলে গোয়েন্দা পুলিশ জানায় উপর মহলের আদেশে মির্জা ফখরুলকে আটক করা হচ্ছে।’



মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস বলেন, ‘মির্জা আব্বাস আগের সব মামলা থেকে জামিনে আছেন। কিন্তু সরকারের ওপর বিশ্বাস নেই। নতুন কোন মামলা দিয়ে তাকে ফাঁসাতে পারে। রাত সোয়া ৩টায় মতিঝিল জোনের যুগ্ম কমিশনার আতিক ও গোয়েন্দা পুলিশের রিফাতসহ ১৫ জন এসে তাকে তুলে নিয়ে যায়।’

 

শুক্রবার সকালে মিন্টো রোডে ডিবি অফিসের ব্রিফিং-এ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ জানান, ফকরুল  ওআব্বাসকে গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

এসময় বিএনপি’র আগামীকালের (১০ই ডিসেম্বর) কর্মসূচির স্থান সম্পর্কে পুলিশ বলছে, সমাবেশ মিরপুর বাঙলা কলেজ মাঠেই করতে হবে, কমলাপুর স্টেডিয়ামের অনুমতি মিলবে না।

 

এদিকে, সমাবেশ স্থল নির্ধারণ নিয়ে সকালে ভার্চুয়ালি জরুরী বৈঠক করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্যরা।

 

আটকের প্রায় ১১ ঘণ্টা পর, মিন্টো রোডে ব্রিফিং-এ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান জানান, নয়াপল্টনে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের মামলায় ফখরুল ও আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়ছে।

 

এর আগে, নয়াপল্টনে পুলিশের ওপর হামলা, বেআইনি সমাবেশ ও বিস্ফোরক মজুতের মামলায় বিএনপির সাড়ে চারশোর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন