বিএনপি’র ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর গোলাপবাগ মাঠে। সকাল ১১টায় এরইমধ্যে সেখানে সমাবেশের অনুমতি পেয়েছে বলে জানিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে সমাবেশের জায়গা নিয়ে পুলিশ-বিএনপির টানাপড়েনের ইতি ঘটল।
অবশেষে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। শনিবার সকাল ১১টায় শুরু হবে এই গণসমাবেশ। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা শেষে সেখানে সমাবেশ করার অনুমতি পাওয়ার কথা জানান বিএনপির প্রতিনিধি।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিভিন্ন বিষয় বিবেচনার পরিপ্রেক্ষিতে উনারাই প্রস্তাব দিয়েছেন যে, কমলাপুরের পরিবর্তে ওই দিকে অন্য একটা মাঠ দেবার জন্য। তখন তার কাছেই গোলাপবাগ মাঠ যেটা আছে, আপনারা অনেকেই চিনেন, সেটা আমরা প্রস্তাব করি। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উনারা সেখানে গণসমাবেশ করার অনুমতি দিয়েছেন। সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক ইনসাআল্লাহ গণসমাবেশ আগামীকাল গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে।’
এর আগে, কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। আর পুলিশ প্রস্তাব দিয়েছিল, মিরপুর বাঙলা কলেজ মাঠের। সে অনুসারে জায়গা দুটি পরিদর্শনও করা হয়। তবে, রাতে সিদ্ধান্ত বদলে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি চায় বিএনপি।
শুক্রবার দুপুরে গোলাপবাগ মাঠ পরিদর্শন করে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি জানান, গোলাপবাগ মাঠে সমাবেশ করলে নিরাপত্তা দেবে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘তারা রাজনৈতিক একটা সমাবেশ করবে। আমাদের পুলিশের পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেয়াসহ সার্বিক সহযোগিতা দেয়া আমাদের দায়িত্ব। এবং আমরা সে কারণে মাঠটা দেখতে আসছি।’
সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকার সমাবেশের জন্য বিএনপিকে অনুমতি দেওয়ার পর থেকে তারা নয়াপল্টনেই সমাবেশ করার কথা বলে আসছিল।