আন্তর্জাতিক

ইসরায়েলি গোলন্দাজ হামলায় দক্ষিণ সিরিয়ায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলা ও অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের জাবাতা আল-খাশাবের নিকটবর্তী কৃষি জমিতে ইসরায়েলি গোলন্দাজ বাহিনী গোলাবর্ষণ করেছে। এতে বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।

আলিখবারিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী জাবাতা আল-খাশাব গ্রামের দক্ষিণে একটি কামানের গোলা নিক্ষেপ করে এবং ওই এলাকায় আলোকসজ্জার ফ্লেয়ার ছোড়ে। গোলাবর্ষণের ফলে কৃষিজমিতে আগুন লেগে যায়। এর ঠিক একদিন আগেই একই গ্রামে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী।

 

শুধু দক্ষিণাঞ্চলেই নয়, সিরিয়ার অন্যান্য স্থানেও হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার উত্তর-পশ্চিম ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটির রানওয়েতে আটটি বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে বিমানঘাঁটিটির অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একই দিনে দক্ষিণ সিরিয়ার দারা শহরের পশ্চিমাঞ্চলের ওয়াদি আবদিন এলাকায়ও ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করে।

 

এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সিরিয়া। চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, ইসরায়েলের অব্যাহত হামলা, অবৈধ অনুপ্রবেশ ও অপহরণ সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলার হুমকি তৈরি করছে বলেও সতর্ক করা হয়।

 

উল্লেখ্য, কয়েক মাস ধরেই দক্ষিণ সিরিয়ায় বারবার ইসরায়েলি অনুপ্রবেশ, অভিযান, তল্লাশি, গ্রেপ্তার এবং সামরিক চৌকি স্থাপনের মতো ঘটনা ঘটছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর এই কার্যকলাপ আরও তীব্র রূপ ধারণ করে। সে সময় ইসরায়েল ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তির সমাপ্তি ঘোষণা করে এবং সিরিয়ার বাফার জোনের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এমএমকে

আরও পড়ুন