কক্সবাজারের চকরিয়ায় শ্মশান থেকে বাড়িতে ফেরার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আহত আরেক ভাইও মারা গেছেন। এ নিয়ে একটি দুর্ঘটনায় ছয় ভাইয়ের মৃত্যু হলো।
টানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ'তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রক্তিম সুশীল।
উল্লেখ্য, গত ৩০শে জানুয়ারি মারা যান কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট এলাকার হাসিনাপাড়া গ্রামের সুরেশ চন্দ্র সুশীল। গত ৮ই ফেব্রুয়ারি ভোরে তার শ্রাদ্ধ অনুষ্ঠানের ধর্মীয় আচার শেষে স্থানীয় একটি মন্দির থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় সুরেশ চন্দ্রের পাঁচ ছেলে অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯) নিহত হন। আহত হন আরও তিন ভাই–বোন। এদের মধ্যে অপর ভাই রক্তিম সুশীলের অবস্থা ছিল গুরুতর।
বাবার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে তারা ৯ ভাইবোন বাড়িতে সমবেত হয়েছিলেন। সেখানকার একটি মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে একসঙ্গে ৯ ভাইবোন (৭ ভাই ও ২ বোন) পায়ে হেঁটে বাড়িতে আসার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনায় নিহতদের ভাই প্লাবন সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। এরপর ১৩ই ফেব্রুয়ারি ওই পিকআপ চালক সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ।