সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি-পটকা ফাটিয়ে ও ফানুস উড়িয়ে নতুন বছর ২০২৫ উদযাপিত করেছে দেশবাসী।
মঙ্গলবার (১লা জানুয়ারি) রাত ১২টার আগে থেকেই আতশবাজি ও পটকার শব্দ শোনা যায় আকাশে। ১২টা বাজতে কেঁপে ওঠে রাজধানীসহ সারা দেশ। বাতাসে উড়ে বেড়ায় বারুদের গন্ধ।
থার্টি ফার্স্ট নাইটে গান-বাজনা, হৈ-হুল্লোড় ও আতশবাজি-পটকার কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ে সারাদেশে জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বরে শব্দদূষণের প্রতিকার চেয়ে ফোন আসে এক হাজারেরও বেশি।
বুধবার ৯৯৯-এর পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার ডিবিসি নিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, ৩১ ডিসেম্বর উচ্চশব্দে গান-বাজনা, হৈ-হুল্লোড় ও আতশবাজি ইত্যাদি শব্দদূষণ প্রতিকারে ৯৯৯ নম্বরে মোট ১ হাজার ১৮৫টি কল করেন ভুক্তভোগীরা। এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি কল এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮টি কল গৃহীত হয়। এসব ক্ষেত্রে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয়।
এদিকে, রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পাশে স্বপ্ন শপিং মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে রওনা দিলেও তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
ডিবিসি/এএনটি