ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

কুড়িগ্রামে চোর ধরতে যাওয়া পুলিশের গাড়ির চাবি চুরি

কুড়িগ্রামে চোর ধরতে যাওয়া পুলিশের গাড়ির চাবি চুরি

বাংলাদেশ, সারা বাংলা

কুড়িগ্রামে চোর ধরতে যাওয়া পুলিশের গাড়ির চাবি চুরি

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৪ই অক্টোবর ২০২৫ ০৫:৩০:৫২ অপরাহ্ন

কুড়িগ্রামের রৌমারীতে একটি চুরির ঘটনার আসামিদের ধরতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যানের চাবি চুরির এক বিচিত্র ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ই অক্টোবর) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সন্ধ্যায় দাঁতভাঙ্গা হরিণধরা গ্রামের কুয়েত প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, চুরির পর চোরেরা বাড়িতে আগুনও লাগিয়ে দেয়। এই ঘটনায় জড়িত সন্দেহে সোমবার জহিরুলের পরিবার পাঁচজনকে আটক করে এবং রৌমারী থানায় খবর দেয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত পাঁচজনকে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পিকআপ ভ্যানের চালক জানান যে তিনি গাড়ির চাবি খুঁজে পাচ্ছেন না। ধারণা করা হয়, স্থানীয় চোর চক্রের কোনো সদস্য চাবিটি নিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও চাবিটি পাওয়া যায়নি। ফলে, আটককৃতদের থানায় নিয়ে আসার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি গাড়ি ব্যবহার করা হয়। এ কারণে পুলিশের পিকআপ ভ্যানটি দীর্ঘক্ষণ ঘটনাস্থলে আটকা পড়ে থাকে।

 

পরে থানা থেকে আরও লোকজন এসে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পাশের একটি জঙ্গল থেকে চাবিটি উদ্ধার করে।

 

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, "চুরির অভিযোগে অভিযুক্তদের আটকের সময় পুলিশ সদস্যদের সঙ্গে তাদের সামান্য ধস্তাধস্তি হয়। এ সময় চালকের হাত বা পকেট থেকে চাবিটি পড়ে যেতে পারে। পরে অনেক খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে চাবিটা পাওয়া যায়।"

 

ওসি আরও জানান, প্রবাসী পরিবার অভিযুক্তদের নামে থানায় মামলা দায়ের করেছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন