ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, রাজনীতি

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ, রাজনীতি

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৫ই জানুয়ারী ২০২৬ ০৮:০১:৩১ পূর্বাহ্ন

দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক নিবাস ও বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় আসছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ই জানুয়ারি তিনি বগুড়া সফরে আসবেন। জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ ২০০৬ সালের ২৪শে ডিসেম্বর তিনি বগুড়া সফর করেছিলেন। সেই হিসাবে প্রায় ১৯ বছর ১৮ দিন পর তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখতে যাচ্ছেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানিয়েছেন, তারেক রহমানের আগমনের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে এবং ৫ই জানুয়ারি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, ১১ই জানুয়ারি বগুড়ায় পৌঁছানোর পর পরদিন ১২ই জানুয়ারি তিনি আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

 

বগুড়া সফরের পাশাপাশি তারেক রহমানের উত্তর ও পূর্বাঞ্চল সফরেরও পরিকল্পনা রয়েছে। বগুড়া সফর শেষে তিনি রংপুরে যাবেন এবং সেখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এছাড়া চলতি মাসের ২০শে জানুয়ারির দিকে তার সিলেট সফরেরও কথা রয়েছে।

 

উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত হওয়ায় এই জেলার সঙ্গে তারেক রহমানের গভীর পারিবারিক সম্পর্ক রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ সময় পর দলীয় প্রধানের এই আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন