ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

মাইলস্টোনে নয়, সচিবালয়ের ওপর বিমান পড়া দরকার ছিলো: ফাওজুল কবির খান

মাইলস্টোনে নয়, সচিবালয়ের ওপর বিমান পড়া দরকার ছিলো: ফাওজুল কবির খান

বাংলাদেশ, জাতীয়

মাইলস্টোনে নয়, সচিবালয়ের ওপর বিমান পড়া দরকার ছিলো: ফাওজুল কবির খান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে জানুয়ারী ২০২৬ ০৮:৩০:১৪ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ওই বিমানটি মাইলস্টোন স্কুলে না পড়ে সচিবালয়ের ওপর পড়া উচিত ছিল।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং শব্দদূষণ রোধে সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
 

 

এই সময় আমলাতন্ত্রের প্রতি সাধারণ মানুষের তীব্র ক্ষোভের বিষয়টি তুলে ধরেন এই উপদেষ্টা। তিনি তার বক্তব্যে বলেন, জনগণ এখন শুধু সচিবালয় নয়, প্রতিটি সরকারি দপ্তরের ওপরই ত্যক্ত-বিরক্ত। আমলাতন্ত্রকে ‘জগদ্দল পাথর’ হিসেবে আখ্যায়িত করে ফাওজুল কবির খান বলেন, এদের কোনো মানবিক দায়বদ্ধতা নেই। সরকারি কর্মকর্তারা সরকারি গাড়ি ও সুযোগ-সুবিধা ভোগ করলেও সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা বা ভোগান্তি নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই বলে তিনি অভিযোগ করেন।

 

সচিবালয়ের কর্মপদ্ধতি নিয়ে চরম হতাশা ব্যক্ত করে ফাওজুল কবির খান জানান, সেখানে কেবল এক রুম থেকে অন্য রুমে চিঠি চালাচালি, সভা-সেমিনার আর আপ্যায়নই চলে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি সড়ক সংক্রান্ত ‘স্ক্র্যাপ পলিসি’ বা নীতিমালার উদাহরণ দেন। তিনি জানান, নিজে ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে দিনের পর দিন বোঝানোর পরও আমলারা পরিবর্তন মেনে নিতে চাইছেন না। উপদেষ্টার অভিযোগ, কর্মকর্তারা কেবল নিজেদের বেতন-ভাতা বৃদ্ধি আর দুর্নীতির সুযোগ খুঁজতেই ব্যস্ত, দেশের মানুষ মরলেও তাদের কিছু যায় আসে না।

 

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সবাইকে সতর্ক করে বলেন, উটপাখির মতো বালিতে মাথা গুঁজে থেকে বিপদ এড়ানো যাবে না, কারণ অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তিনি দুটি পথের কথা উল্লেখ করেন, হয় নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, নতুবা ধ্বংস বা প্রলয়ের জন্য অপেক্ষা করতে হবে। 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন