দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সি-মি-উই-৫) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিন দিন সারাদেশে ইন্টারনেটে ধীরগতি অনুভূত হতে পারে।
বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
বিএসসিপিএলসি-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ১৩ এপ্রিল (সোমবার) ভোর ৬টা পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি হতে পারে।
গ্রাহক পর্যায়ে প্রভাব রক্ষণাবেক্ষণ চলাকালীন সিঙ্গাপুর রুটের সার্কিটগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে। ফলে এই সময়ে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেটের স্বাভাবিক গতির চেয়ে কিছুটা ধীরগতি বা আংশিক বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
তবে বিএসসিপিএলসি জানিয়েছে, কুয়াকাটার সাবমেরিন কেবলটি বন্ধ থাকলেও কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল (সি-মি-উই-৪) যথারীতি সচল থাকবে। এর মাধ্যমে ইন্টারনেট ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখা হবে যাতে গ্রাহকরা বড় ধরনের বিচ্ছিন্নতা ছাড়াই সেবা পেতে পারেন।
উল্লেখ্য, সাময়িক এই অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
ডিবিসি/এসএফএল