ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ

বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ

বাংলাদেশ, সারা বাংলা

বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৪ই এপ্রিল ২০২৬ ০১:৫৩:০০ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সারা দেশে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় সর্বস্তরের মানুষ।

খুলনা: খুলনায় নববর্ষ বরণ করতে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পহেলা বৈশাখ মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

কুষ্টিয়া:  কুষ্টিয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরের ‘বনবিথি’তে গিয়ে শেষ হয়। সেখানে খড়ের ঘর আকৃতির এক ব্যতিক্রমী মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া পাবলিক লাইব্রেরির মাঠ ও স্থানীয় সামাজিক সংগঠনের উদ্যোগে পান্তা-ইলিশসহ নানা ঐতিহ্যবাহী আয়োজন ছিল।

 

ফরিদপুর:  ফরিদপুরে সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়। পরে সাহিত্য উন্নয়ন সংস্থার আয়োজনে স্বাধীন চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে স্থানীয় কারাগার ও সরকারি হাসপাতালগুলোতে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়।

 

এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় লাঠিখেলা ও মোরগ লড়াই, গোপালগঞ্জে সূর্যোদয়ের সাথে সাথে সঙ্গীতানুষ্ঠান, নোয়াখালীতে লোকজ মেলা এবং রংপুরে জিলা স্কুল মাঠের বটমূলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। সারা দেশে এই উৎসব উদযাপনে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংহতির চিত্র ফুটে উঠেছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন