মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটন ডিসির একটি কংগ্রেসনাল ভবনে অবস্থান নেওয়ার পর প্রতিবন্ধীসহ কয়েক ডজন সাবেক সেনা (ভেটেরান) এবং তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক সেনাদের কয়েকটি সংগঠনের আয়োজনে ক্যানন হাউস অফিস ভবনে ওই বিক্ষোভ চলাকালে অন্তত ৬২ জনকে গ্রেপ্তার করা হয়। মার্কিন হামলায় নিহত ইরানিদের প্রতি সম্মান জানাতে লাল টিউলিপ ফুল হাতে ক্যানন রোটুন্ডার কেন্দ্রে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে 'ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো' লেখা ব্যানার দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী স্লোগান দিচ্ছেন। এর পাশাপাশি এই সংঘাতে এ পর্যন্ত নিহত ১৩ জন মার্কিন সেনার প্রতি সম্মান জানাতে একটি পতাকা ভাঁজ করার আনুষ্ঠানিকতাও পালন করেন তারা। দ্য হিল আরও জানিয়েছে, ক্যাপিটল পুলিশ শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হাতে জিপ-টাই (প্লাস্টিকের হাতকড়া) পরিয়ে সেখান থেকে সরিয়ে নেয়।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি