বাংলাদেশ, সারা বাংলা
নারায়ণগঞ্জের আকাশে রহস্যময় আলো ঘিরে স্থানীয়দের মাঝে কৌতূহল

নারায়ণগঞ্জ শহরের আকাশে আলোর বিচ্ছুরণ ছড়ানো এক রহস্যময় বস্তুকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক বিস্ময় ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এলাকা থেকে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এই আলোচনার সূত্রপাত হয়।
প্রকাশিত ২৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, আকাশ থেকে একটি উজ্জ্বল আলো নির্গত হওয়া বস্তু দ্রুতগতিতে এঁকেবেঁকে নিচের দিকে নেমে আসছে। বস্তুটির পেছন দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায় এবং নিচে নামতে নামতেই একপর্যায়ে আলোটি নিভে গিয়ে ধোঁয়া মিলিয়ে যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে উল্কাপিণ্ড বলে দাবি করলেও অনেকের মতে এটি ‘ফ্লেয়ার গান’ থেকে ছোড়া কোনো আলোক গোলা হতে পারে, যা সাধারণত দূর থেকে সংকেত পাঠানোর কাজে ব্যবহৃত হয়। বস্তুটি আসলে কী ছিল, তা নিয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ডিবিসি/আরএসএল