ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পাথারিয়াদ্বার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ মুরসালিন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৮ মে) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাথারিয়াদ্বার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুরসালিন ওই ইউনিয়নের ধজনগর (বাতানবাড়ি) গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি যুবক সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন নিহত হন এবং তার সাথে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। বিএসএফ সদস্যরা মুরসালিনের মরদেহ নিয়ে যায় বলে জানা গেছে। বর্তমানে তার মরদেহ ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালগড় মহকুমা হাসপাতালে রাখা হয়েছে।
আহত দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়রা জানিয়েছেন, তাদের উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় একটি সূত্রের দাবি, মাদক চোরাচালানের উদ্দেশ্যে তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন। তবে এই অভিযোগের বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিবিসি/এসএফএল