সারা বাংলা
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর মিন্টু খান নামে এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) মধ্যরাতে উপজেলার কাউনটার বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যে পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহত মিন্টু খান উপজেলার আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। তিনি স্থানীয় যুবদলের একজন সক্রিয় কর্মী এবং উপজেলা ছাত্রদলের সাবেক কর্মী ছিলেন। পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই মিন্টু নিখোঁজ ছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, মিন্টু নিখোঁজ হওয়ার পর সন্দেহের ভিত্তিতে পাঁচজনকে আটক করা হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু তথ্য দেয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতেই বুধবার গভীর রাতে বিল থেকে মিন্টুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
ডিবিসি/পিআরএএন