সারা বাংলা
কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ

দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি। তাকে ধরতে শেষ পর্যন্ত কৃষকের ছদ্মবেশ ধারণ করতে হলো পুলিশকে। অভিনব এই অভিযানে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে ওই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হাসান।
গ্রেপ্তারকৃত আসামির নাম সুশীল। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, সুশীল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ২০ ও ২২(গ) ধারায় দায়ের করা সেশন মামলা (নং-৭৩/১৮) এবং জিআর মামলায় (নং-৫৫/১৭, নাচোল) আদালত কর্তৃক দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন আদালত। রায় ঘোষণার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান এবং কৃষকের বেশে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।
রোমাঞ্চকর এই গ্রেপ্তারের বর্ণনা দিয়ে এএসআই ফরহাদ হাসান জানান, সুশীল দীর্ঘদিন ধরে নাচোলে অবস্থান করছিলেন না। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আসামি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে কাজ করছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
আসামিকে বোকা বানাতে এএসআই ফরহাদ নিজে কৃষকের ছদ্মবেশ ধারণ করেন এবং যে মাঠে আসামি ছিলেন, তার পাশের একটি জমির মালিকের অনুমতি নিয়ে সেখানে কৃষিকাজ শুরু করেন। একপর্যায়ে সুযোগ বুঝে কৌশলে সুশীলকে ধরতে গেলে তিনি বিষয়টি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি, ধাওয়া করে তাকে ধরে ফেলে পুলিশ। এরপর তাকে হাতকড়া পরিয়ে কাঁধে তুলে নিয়ে আসা হয়।
ডিবিসি/পিআরএএন