সারা বাংলা
সিলেটে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনীর ১১ দিনব্যাপী যৌথ অনুশীলন সম্পন্ন

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের (USARPAC) যৌথ অংশগ্রহণে ১১ দিনব্যাপী 'এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬' শীর্ষক যৌথ অনুশীলন শেষ হয়েছে।
বুধবার সকালে সিলেটের জালালাবাদ সেনানিবাসস্থ প্যারা কমান্ডো ব্রিগেডে এই অনুশীলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি ট্রেনিং পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা ও প্রতিরক্ষা অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল চ্যান্ডলার এবং সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরান হাসান।
বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ফরমেশন 'প্যারা কমান্ডো ব্রিগেড'-এর তত্ত্বাবধানে গত ১৯ জুলাই এই যৌথ অনুশীলনের উদ্বোধন করা হয়েছিল।
সমাপনী অনুষ্ঠানে দুই দেশের সেনা কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তাসহ নানা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে।
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে 'এক্সারসাইজ টাইগার লাইটনিং' অনুষ্ঠিত হয়।
উক্ত মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ড থেকে ৯১ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডসহ বিভিন্ন ফরমেশন থেকে ৯৩ জন সদস্য অংশগ্রহণ করেন।