আন্তর্জাতিক, ভারত
বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা এবং ৩০ বছর বয়সী তরুণ অধিকারকর্মী অভিজিৎ দিপকের জন্য এখন বিয়ের প্রস্তাবের ছড়াছড়ি। দেশজুড়ে চলা সাম্প্রতিক প্রতিবাদ ও আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠার পর থেকেই তার বিয়ের প্রস্তাব আসার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে জানিয়েছে তার পরিবার।
সম্প্রতি সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিট-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে যে তারুণ্যনির্ভর আন্দোলন গড়ে উঠেছে, তার নেতৃত্ব দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন অভিজিৎ। আর এই জনপ্রিয়তার প্রভাব এখন স্পষ্টভাবে তার ব্যক্তিগত জীবনেও পড়ছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের মা অনিতা দিপকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিজেপি’র এই আন্দোলন শুরু হওয়ার আগে থেকেই অভিজিতের জন্য বিয়ের প্রস্তাব আসছিল। তবে তিনি এই তরুণদের আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠার পর থেকে সেই প্রস্তাবের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।
অনিতা দিপকে বলেন, সিজেপি’র এই বিক্ষোভ শুরু হওয়ার আগে থেকেই আমরা অভিজিতের জন্য বিয়ের প্রস্তাব পাচ্ছিলাম। আর এখন সেইসব প্রস্তাবের সংখ্যা আগের চেয়ে অনেকটাই বেড়েছে।
তিনি আরও জানান, অভিজিৎ যখন বোস্টনে ছিলেন তখন পরিবার থেকে তার সঙ্গে বিয়ে নিয়ে কথা বলা হয়েছিল। কিন্তু তখন তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খুব বেশি কিছু জানাননি। মায়ের কথায়, ‘বিয়ে নিয়ে সে তেমন কিছুই বলেনি, কথা উঠলে সে শুধু হাসত।’
তবে বাবা-মা হিসেবে তারা চাইছেন ছেলে এবার সংসারী হোক। অনিতা দিপকে বলেন, পিতামাতা হিসেবে আমরা তাকে বিয়ে করার জন্য তাগিদ দিচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে সে যখন বাড়িতে ফিরবে, তখন আমরা আবার বিষয়টি নিয়ে তার সাথে বসব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার আমরা তার ওপরই ছেড়ে দেব।’
৩০ বছর বয়সী তরুণ অধিকারকর্মী অভিজিৎ দিপকে মূলত 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। তিনি আমেরিকার বোস্টন থেকে পড়াশোনা ও কাজের অভিজ্ঞতা নিয়ে ফেরা একজন সচেতন তরুণ। সম্প্রতি নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে ভারতের যুবসমাজকে সংগঠিত করে দেশব্যাপী তুমুল আন্দোলন গড়ে তোলার মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন।
ডিবিসি/এসডব্লিউএন