ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পঞ্চগড়ে প্রতিবন্ধীদের ভবন নির্মাণে নেমেছেন নেদারল্যান্ডসের স্বেচ্ছাসেবীরা

পঞ্চগড়ে প্রতিবন্ধীদের ভবন নির্মাণে নেমেছেন নেদারল্যান্ডসের স্বেচ্ছাসেবীরা

সারা বাংলা

পঞ্চগড়ে প্রতিবন্ধীদের ভবন নির্মাণে নেমেছেন নেদারল্যান্ডসের স্বেচ্ছাসেবীরা

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে জুলাই ২০২৬ ১০:৫২:১২ পূর্বাহ্ন

সুদূর নেদারল্যান্ডস থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের পঞ্চগড়ে ছুটে এসেছেন একদল বিদেশি স্বেচ্ছাসেবী। ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ হয়েও নিছক মানবতার টানে তারা আটোয়ারী উপজেলার ধাইধাইপাড়া এলাকায় 'আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থা'-এর জন্য একটি স্থায়ী কার্যালয় নির্মাণে অংশ নিয়েছেন।

শুধু অর্থ সহায়তাই নয়, নেদারল্যান্ডসভিত্তিক 'ওয়ার্ল্ড সার্ভেন্টস'-এর ২৯ সদস্যের এই দলটি নিজেদের হাতে ইট, বালু ও সিমেন্ট মিশিয়ে রীতিমতো পেশাদার নির্মাণশ্রমিকের মতো গাঁথুনির কাজ করে চলেছেন।

 

পেশাগত জীবনে এই স্বেচ্ছাসেবীদের কেউ শিক্ষক, কেউ ব্যাংকার, আবার কেউবা শিক্ষার্থী। কিন্তু পঞ্চগড়ের এই প্রত্যন্ত গ্রামে তাঁদের একমাত্র পরিচয় 'মানবতার কর্মী'। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা শারীরিক পরিশ্রম করছেন। তাঁদের মতে, কোনো পারিশ্রমিক ছাড়াই সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষদের মুখে হাসি ফোটানোর এই কাজই তাঁদের জীবনের সবচেয়ে বড় তৃপ্তি। সমাজের অনেকেই যখন প্রতিবন্ধীদের বোঝা মনে করেন, তখন এই ভিনদেশিদের এমন উদ্যোগ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানবতার কোনো সীমানা বা নির্দিষ্ট দেশ নেই।

 

দীর্ঘদিন স্থায়ী কার্যালয় না থাকায় সংস্থাটির কার্যক্রমে বেশ ব্যাঘাত ঘটছিল বলে জানিয়েছেন আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার সভাপতি জফর আলী। তিনি জানান, এই নতুন ভবনটি নির্মিত হলে প্রতিবন্ধী ও কুষ্ঠমুক্ত মানুষদের প্রশিক্ষণ, পুনর্বাসন এবং অন্যান্য সামাজিক কার্যক্রম পরিচালনা করা অনেক সহজ হবে। বিদেশি স্বেচ্ছাসেবীদের এই অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেছেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক এমন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণ সমাজের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার আদর্শকে আরও সুদৃঢ় করবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন