আন্তর্জাতিক
কৃষ্ণসাগরে ইউক্রেনের ব্যাপক হামলা, ক্ষতিগ্রস্ত রাশিয়ার শস্য টার্মিনাল ও নৌঘাঁটি

কৃষ্ণসাগরে রাশিয়ার অন্যতম প্রধান বন্দর নভোরোসিস্কে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুটি বড় শস্য রফতানি টার্মিনাল এবং একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর চলা এই হামলায় এক শিশুসহ তিনজন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রকেট, জেট এবং নেভাল ড্রোন দিয়ে চালানো এই হামলাকে একটি ‘অনন্য অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেনীয় সামরিক বাহিনীর দাবি, এই অভিযানে দুটি ফ্রিগেটসহ রাশিয়ার চারটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার জেরে বন্দর নগরী নভোরোসিস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি সরবরাহ স্থগিত রয়েছে। ইউক্রেনীয় আক্রমণের কারণে সৃষ্টি হওয়া লজিস্টিক জটিলতার মুখে রাশিয়া তাদের শস্য রফতানি প্রবাহ বাল্টিক ও কাস্পিয়ান সাগর এবং বিকল্প স্থলপথে ঘুরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে।
একই সময়ে রাশিয়াও ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজিয়াসহ বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা হামলা চালিয়েছে, এতে অন্তত ১১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। দুই দেশের মধ্যে কৃষ্ণসাগরের বন্দর ও জাহাজ লক্ষ্য করে আবার হামলা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে শস্য সরবরাহ ব্যাহত হওয়া ও খাদ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: বিবিসি