ভারত
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ৫১ ভারতীয় নাগরিক নিহত: ভারতের পররাষ্ট্র

রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগপ্রাপ্ত ভারতীয় নাগরিকদের মধ্যে এখন পর্যন্ত ৫১ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে নয়াদিল্লি। সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের পার্শ্ব বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
পররাষ্ট্র সচিব জানান, রুশ সেনাবাহিনীতে মোট ২২৭ জন ভারতীয় নাগরিককে নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে সৌভাগ্যের বিষয় যে ১৩৯ জন নাগরিককে ইতিমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে, তবে অত্যন্ত দুঃখজনকভাবে ৫১ জন ভারতীয় রণক্ষেত্রে মারা গেছেন। বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তি এবং তাদের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য নয়াদিল্লি মস্কোর সঙ্গে নিরন্তর ও উচ্চপর্যায়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাস এই পুরো পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত অবশিষ্ট মামলাগুলোর নিষ্পত্তি ঘটিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারগুলোর কাছে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন বিক্রম মিশ্রি।
উল্লেখ্য, বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বকে "অন্তহীন যুদ্ধের" যুগ থেকে বেরিয়ে এসে শান্তির পথে হাঁটার জোরালো বার্তা দেন। একই সঙ্গে দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব এবং বাণিজ্য প্রসারে দ্বিপাক্ষিক বিভিন্ন দিক নিয়েও এই উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এমএনকে