গাইবান্ধায় জাল জন্মসনদ ব্যবহার করে প্রাপ্তবয়স্ক আসামিকে অপ্রাপ্তবয়স্ক দেখিয়ে জামিন নেওয়া এবং মামলার নথি গায়েবের অভিযোগে এক আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত।
গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইফতেখার বিন আজিজ এ নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, অভিযুক্ত অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপন, জিআর মো. হাসান আলী এবং জিআর মো. আব্দুস সবুরের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৩৪ ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা করার জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ অক্টোবর একটি ফৌজদারি মামলায় প্রাপ্তবয়স্ক আসামিকে অপ্রাপ্তবয়স্ক দেখিয়ে ভুয়া ও জাল জন্মসনদের ভিত্তিতে জামিন নেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি আদালতের নজরে এলে মামলার নথিপত্র যাচাইয়ের সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র গায়েব থাকার অভিযোগও সামনে আসে।
ঘটনাটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় আদালতপাড়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আদালতের নির্দেশের পর জালিয়াতি ও নথি গায়েবের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ডিবিসি/এমএনকে