দেশে সৌর বিদ্যুতের প্রসার ও ব্যবহার বাড়াতে এর প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে আগামী ছয় মাসের জন্য বিশেষ কর ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানান। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকদের উৎসাহিত করতে সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ সংশ্লিষ্ট সরঞ্জামের ওপর নির্ধারিত ১ শতাংশ শুল্ক বাদে অন্য সব ধরনের কর ও শুল্ক থেকে আগামী ১৮০ দিনের জন্য পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। এছাড়া গ্রীষ্ম মৌসুমের আগে স্থাপিত প্রকল্পগুলো থেকে নিজেদের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে জাতীয় গ্রিডের জন্য কিনবে সরকার।
প্রতিমন্ত্রী জানান, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪১ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা। এই লক্ষ্যে সরকারি অব্যবহৃত জমিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বৃহৎ সৌর প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশদূষণ রোধে রামপালে দ্বিতীয় পর্যায়ের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল করে সেখানে ৪৬০ মেগাওয়াটের সোলার পার্ক এবং মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াটের সৌর প্রকল্প নির্মাণ করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী নির্দেশনায় পুরো জাতীয় সংসদ ভবনের বিদ্যুৎব্যবস্থা সৌরশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সৌর খাতে তরুণ উদ্যোক্তা তৈরি করতে সহজ শর্তে অর্থায়নের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
ডিবিসি/এসভিএন