আয়োজক দেশ ভারতে আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের বহুল প্রতীক্ষিত শীর্ষ সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লির নিরাপত্তা জোরদার করার পাশাপাশি শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
নয়াদিল্লির গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ভিভিআইপি রুটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী একটি উচ্চপ্রযুক্তিসম্পন্ন বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করেছে। সেখান থেকে সার্বক্ষণিক বিশ্বনেতাদের নির্ধারিত মোটরকেডের গতিবিধি ও নগরীর সার্বিক পরিস্থিতি সরাসরি মনিটর করা হচ্ছে।
সম্মেলনে অংশ নিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেই নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন।
বিশ্বমঞ্চে মধ্যপ্রাচ্যের চলমান তীব্র সামরিক সংঘাত ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের ব্রিকস সম্মেলনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। সদস্য দেশগুলোর মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা ও আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বৃদ্ধির উদ্যোগের পাশাপাশি চলমান মধ্যপ্রাচ্য সংকট ও আঞ্চলিক ভূরাজনীতি এবারের শীর্ষ বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে স্থান পাচ্ছে।
ডিবিসি/হাদী