নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকায় খেজুরের ডাল কাটতে গিয়ে ভীমরুলের কামড়ে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে রহিমা বেগম বাড়ির পাশে একটি গাছের খেজুরের ডাল কাটতে যান। বার্ধক্যজনিত কারণে দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ায় ডালে থাকা ভীমরুলের চাকটি তিনি খেয়াল করতে পারেননি। ডাল কাটতে গেলে চাকটি ভেঙে পড়ে এবং শতাধিক ভীমরুল একযোগে তাঁর ওপর আক্রমণ চালায়।
বৃদ্ধার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা ছুটে এসে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
রহিমা বেগমের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরসহ স্থানীয় বাসিন্দারা গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
ডিবিসি/এমএনকে