আন্তর্জাতিক

বাংলাদেশিসহ ১৪০ অবৈধ অভিবাসী ফেরত পাঠাল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে আটক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৪০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

বুধবার (৯ সেপ্টেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করে তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা হয়। সূত্র: টিভি সাবাহ

 

কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, ফেরত পাঠানো ব্যক্তিরা সিক এলাকার বেলান্তিক ডিটেনশন ডিপোতে আটক ছিলেন। মোট ১৪০ জনের মধ্যে ১১৭ জন পুরুষ, ২১ জন নারী এবং দুটি শিশু রয়েছে। তারা বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও কেনিয়ার নাগরিক।

 

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন সময় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়েছিল। 

 

অভিবাসন বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট আইনের অধীনে নির্ধারিত মেয়াদের সাজা ভোগ শেষে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের পরিবার ও নিজ নিজ দেশের দূতাবাস বিমান টিকিটের ব্যয়ভার বহন করে।

 

ভবিষ্যতে মালয়েশিয়ায় অবৈধ পুনঃপ্রবেশ ঠেকাতে ফেরত পাঠানো সকল অভিবাসীকে অভিবাসন বিভাগের তথ্যভাণ্ডারে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। ফলে তারা পরবর্তীতে আর দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন না।

 

কেদাহ অভিবাসন বিভাগ স্পষ্ট করেছে যে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই প্রত্যাবাসন সম্পন্ন হলো। দেশের জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় অবৈধ অভিবাসী শনাক্তকরণ, আটক এবং আইনানুগভাবে নিজ দেশে ফেরত পাঠানোর কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন