জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় লাইসেন্সহীন ক্লিনিকে জরিমানা ও সিলগালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুয়াডাঙ্গার জীবননগরে বৈধ লাইসেন্স না থাকায় 'নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার' নামের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর শহরের ওই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, চার দিন আগে ওই ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটে। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে শনিবার সেখানে স্বাস্থ্যসেবার মান ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করতে অভিযান চালানো হয়।

 

তদন্তকালে ক্লিনিক কর্তৃপক্ষ কোনো বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। পরে 'বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২' অনুযায়ী ক্লিনিকের মালিক সুজা উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্লিনিকটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

 

ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, ‘লাইসেন্স ছাড়া অবৈধভাবে চিকিৎসাসেবা পরিচালনা করায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। জনস্বার্থে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’

 

অভিযানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন