ভারতের উত্তরপ্রদেশের ফতেপুরে মোবাইল নেটওয়ার্কের সমস্যাকে কেন্দ্র করে টেলিকম সংস্থার এক টেকনিশিয়ানকে মোবাইল টাওয়ারের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারদৌলি গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্কের সমস্যায় ভুগছেন। গ্রামে মোবাইল টাওয়ার থাকা সত্ত্বেও নেটওয়ার্ক দুর্বল থাকায় ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ৫জি পরিষেবার জন্য প্রিপেড রিচার্জ করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ, নেটওয়ার্ক সমস্যার বিষয়ে টেলিকম সংস্থাকে একাধিকবার জানানো হলেও কোনো সমাধান হয়নি। পরে ক্ষোভের মধ্যে গ্রামে আসা এক টেকনিশিয়ানকে ধরে টাওয়ারের সঙ্গে বেঁধে রাখেন তারা। টেলিকম সংস্থার কর্মকর্তারা গ্রামে এসে নেটওয়ার্ক সমস্যার সমাধান না করা পর্যন্ত ওই টেকনিশিয়ানকে ছাড়া হবে না বলেও দাবি করেন গ্রামবাসীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টেকনিশিয়ানকে উদ্ধার করে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শৈলেশ সিং জানান, মোবাইল নেটওয়ার্কের সমস্যাকে কেন্দ্র করে ওই এলাকায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। সেই ক্ষোভ থেকেই টাওয়ারের কর্মীকে বেঁধে রাখার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, টেকনিশিয়ানকে উদ্ধারের পাশাপাশি ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: সংবাদ প্রতিদিন
ডিবিসি/এসএফএল