চীনের ঐতিহাসিক গ্রেট ওয়ালের দুর্গম ও পাথুরে ট্রেইলে বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন UTMB সার্টিফায়েড আল্ট্রা-ট্রেইল রানার ইমামুর রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) বেইজিংয়ের ঐতিহাসিক দাজিংমেনে অনুষ্ঠিত ‘আল্ট্রা-ট্রেইল গ্রেট ওয়াল বাই UTMB’ প্রতিযোগিতার ১০০ কিলোমিটার ফ্ল্যাগশিপ ক্যাটাগরি সফলভাবে সম্পন্ন করেন তিনি।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ হাজারের বেশি অ্যাথলেট অংশ নেন। ১০০, ৭০, ৫০ ও ২০ কিলোমিটার-চারটি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে কঠিন ১০০ কিলোমিটার বিভাগে অংশ নেন ইমামুর। এ বিভাগে প্রতিযোগী ছিলেন ৮৬৩ জন।
১০০ কিলোমিটারের পুরো ট্রেইলে ছিল প্রায় ৪,৪০০ মিটার এলিভেশন গেইন। পাশাপাশি দিনের প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাতে নেমে আসে ৫–৬ ডিগ্রিতে। এমন চরম তাপমাত্রার পার্থক্য ও টেকনিক্যাল পাহাড়ি পথ সামলে রেসটি সম্পন্ন করেন তিনি।
এর আগে চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে মাত্র ২৪ দিনের মধ্যে তিনটি কঠিন ট্রেইল রেস শেষ করেন ইমামুর। ১৫ মার্চ চীনের আল্ট্রা ট্রেইল শিয়ামেনে ৯৭ কিলোমিটার, ২৯ মার্চ কংহুয়ায় ৩০ কিলোমিটার এবং ১০ এপ্রিল আল্ট্রা ট্রেইল মোগানসানে ৮২ কিলোমিটার রেস সম্পন্ন করেন তিনি।
বাংলাদেশের পথিকৃৎ আল্ট্রা-ট্রেইল রানারদের একজন ইমামুর রহমান নিজ উদ্যোগে নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করছেন। সামনে হাইব্রিড স্পোর্টসের বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
ডিবিসি/এসএফএল