আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানকে চীনের সহায়তার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি বছরের জুলাইয়ে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় ইরান এক চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ওই ঘাঁটির স্যাটেলাইট ছবি পেয়েছিল- গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন সরাসরি উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছিলেন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। আয়ারল্যান্ড সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকে তিনি বিষয়টি তুলবেন কি না।

 

জবাবে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি মূলত যুক্তরাষ্ট্র ও চীনের নজরদারি কার্যক্রমকে সমান হিসেবে তুলে ধরেন। ট্রাম্প বলেন, ‘ওরা মূলত তা-ই করে যা আমরা করি। লোকে যখন বলে চীন আমাদের ওপর নজরদারি চালাচ্ছে, আমি বলি আপনারা ঠিক বলছেন, আমরাও তাদের ওপর নজরদারি চালাই।’

 

শি জিনপিংয়ের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয় তিনি যথেষ্ট যৌক্তিক আচরণ করছেন, আমরাও যৌক্তিকভাবেই চলছি।’

 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে নির্দিষ্ট কোনো চীনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি এবং এতে বেইজিং সরকারের সরাসরি জড়িত থাকার অভিযোগও তোলা হয়নি। আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে দুই নেতার সম্ভাব্য বৈঠকের আগে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার উত্তেজনা প্রশমনের অংশ হিসেবেই ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন