আন্তর্জাতিক

ইরানের সব ধরনের পণ্য বেচাকেনা নিষিদ্ধ করল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলমান সংঘাতময় পরিস্থিতিতে ইরানের সব ধরনের পণ্য প্রবেশ ও বেচাকেনা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।

আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটির এক বৈঠকে এই পদক্ষেপের অনুমোদন দেওয়া হয়। ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও কমিটির প্রধান আহমদ গালেব বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সর্বোচ্চ জাতীয় স্বার্থের তাগিদেই’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নিজ নিজ আওতাধীন এলাকায় প্রযোজ্য আইন অনুযায়ী অবিলম্বে এ নিষেধাজ্ঞা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞাটি কবে থেকে কার্যকর হবে কিংবা ঠিক কোন কোন পণ্য এর আওতায় পড়বে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

 

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যেই এই সিদ্ধান্ত এল। ইয়েমেন সরকার দীর্ঘদিন ধরেই তেহরানের বিরুদ্ধে হুতিদের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ করে আসছে, যদিও ইরান তা অস্বীকার করে থাকে। ২০১৪ সালে রাজধানী সানাসহ বড় অংশ দখল করে নেওয়া হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনে লড়ছে ইয়েমেনের সরকারি বাহিনী।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন