বাণিজ্য

আমদানি পণ্য দ্রুত খালাসে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টাই চলবে চট্টগ্রাম কাস্টম হাউস

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের সার্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং আমদানি করা পণ্য দ্রুত খালাসের লক্ষ্যে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এখন থেকে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টাই শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে দেশের প্রধান এই শুল্ক স্টেশনে। এর ফলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারসহ অন্যান্য সরকারি ছুটিতেও শুল্কায়ন ও পণ্য খালাস প্রক্রিয়া পুরোদমে অব্যাহত থাকবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমদানি পণ্য চালানের দ্রুত খালাস নিশ্চিত করে দেশের সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতেই কাস্টমস কর্তৃপক্ষ এই সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে এখন থেকে সাপ্তাহিক বা যেকোনো সরকারি ছুটির দিনেও স্বাভাবিক কর্মদিবসের মতোই শুল্কায়ন ও খালাস কার্যক্রম সম্পন্ন হবে। এতে করে বন্দরে পণ্য আটকে থাকার দীর্ঘসূত্রতা কমবে বলে আশা করা হচ্ছে।

 

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, ‘শুক্রবার ও শনিবারসহ অন্য ছুটির দিনেও স্বাভাবিক দিনগুলোর মতোই আমাদের শুল্কায়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এর ফলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আরও বাড়বে।’

 

সংশ্লিষ্টরা মনে করছেন, কাস্টমসের এই নিরবচ্ছিন্ন সেবার ফলে দেশের বাজারে আমদানি করা পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে, যা দেশের সামগ্রিক অর্থনীতি ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন