শিক্ষা

লক্ষ্মীপুরে স্কুলে মোবাইল আনায় প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ফোন ভাঙলেন শিক্ষক

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল প্রকাশ্যে হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন এক শিক্ষক। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

 

জানা যায়, সোমবার বিদ্যালয়ে চলাকালীন অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। এরপর বিদ্যালয়ের শিক্ষক শরীফ নেওয়াজ রায়হান অন্যান্য শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রকাশ্যে ফোনটি হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেন। ফোন ভাঙার সময় তিনি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, ‘নেক্সটে ফোন আনতে চাইলে এইটার কথা চিন্তা কইরো।’

 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের শৃঙ্খলা ফেরাতে ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গত ৯ সেপ্টেম্বর একটি নোটিশ জারি করে কর্তৃপক্ষ। ওই নোটিশে শিক্ষার্থীদের চুল কাটার নির্দেশনার পাশাপাশি কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, কেউ বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে এলে তা বিনষ্ট করা হবে।

 

এ বিষয়ে শিক্ষক শরীফ নেওয়াজ রায়হান বলেন, ‘বিদ্যালয়ে মোবাইল ফোন আনা যে নিষেধ, তা আগেই নোটিশ দিয়ে সব শিক্ষার্থীকে পড়ে শোনানো হয়েছিল। এরপরও ওই শিক্ষার্থীর কাছে ফোন পাওয়ায় নোটিশের নির্দেশনা অনুযায়ী তা প্রকাশ্যে বিনষ্ট করা হয়েছে, যেন অন্য শিক্ষার্থীরা এটি দেখে সতর্ক হয়।’

 

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং মোবাইল আসক্তি কমাতেই আগে থেকে এই কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

 

তবে, একজন শিক্ষার্থীর ব্যক্তিগত মোবাইল ফোন এভাবে প্রকাশ্যে ভেঙে ফেলার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করা জরুরি হলেও, শিক্ষার্থীদের শাস্তির ক্ষেত্রে আরও যৌক্তিক, গঠনমূলক এবং গ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণ করা উচিত।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন