লামিন ইয়ামাল ও তার প্রেমিকা ইনেস গার্সিয়ার সম্পর্ক যেন আরও এক ধাপ এগোচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্ক উপস্থাপন নিয়ে এই জুটিকে নানা সময়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে বার্সেলোনা তারকার চেয়ে ইনেস কয়েক বছরের বড় হওয়ায় বিষয়টি নিয়েও হয়েছে আলোচনা। তবে এসব সমালোচনাকে পেছনে ফেলে তাদের সম্পর্ক যে আরও গভীর হচ্ছে, সাম্প্রতিক একটি ভিডিওতে মিলেছে সেই ইঙ্গিত।
সাম্প্রতিক সময়ে ইয়ামালের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে দেখা গেছে ইনেসকে। বার্সেলোনার আনুষ্ঠানিক নৈশভোজ থেকে শুরু করে বিশ্বকাপের বিভিন্ন আয়োজনেও তিনি ছিলেন ইয়ামালের সঙ্গী। এবার দুজনকে দেখা গেল এমন দুই নতুন সঙ্গীর সঙ্গে, যা তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পরিবারে নতুন দুই সদস্য?
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ইয়ামাল ও ইনেসকে দুটি সাদা ল্যাব্রাডর কুকুরছানার সঙ্গে আনন্দঘন সময় কাটাতে দেখা যায়। কুকুরছানা দুটি তাদেরই কি না, সে বিষয়ে অবশ্য দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে একসঙ্গে তাদের আদর করা ও ভিডিওতে পরিচয় করিয়ে দেওয়ার দৃশ্য দেখে ভক্তদের ধারণা, কুকুর দুটির দেখভালই হতে পারে এই জুটির নতুন যৌথ দায়িত্ব।
ভিডিওতে বিষয়টি আরও আকর্ষণীয় করে তুলেছে তাদের পোশাক। ইয়ামাল ও ইনেস দুজনই সাদা পোশাক পরেছিলেন, যা কুকুরছানা দুটির রঙের সঙ্গেও মিলেছে। ফলে পুরো ভিডিওটি দ্রুতই ভক্তদের নজর কাড়ে।
ভক্তদের নজর এখন কুকুরছানা দুটির দিকে
ভিডিওটি ইতোমধ্যে টিকটকে ব্যাপক সাড়া ফেলেছে। ৮ কোটি ৭০ লাখের বেশি ভিউয়ের পাশাপাশি এতে পড়েছে দেড় কোটিরও বেশি লাইক। নতুন ‘পরিবারের সদস্যদের’ আড়ালে রাখার কোনো পরিকল্পনা যদি তাদের থেকেও থাকে, তাহলে সেটি যে সফল হয়নি-তা বলাই যায়।
ভিডিওর শেষ মুহূর্তে ইয়ামাল ও ইনেসকে চুম্বন করতে দেখা যায়। সেই দৃশ্য তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে। অনেকেই মনে করছেন, সমালোচনা সত্ত্বেও দুজনের সম্পর্ক বেশ ভালোভাবেই এগোচ্ছে।
এদিকে ভক্তদের আরেকটি আগ্রহ ইয়ামালের ছোট ভাই কেইনকে ঘিরে। প্রাণবন্ত স্বভাবের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও ইতোমধ্যে বেশ জনপ্রিয়। কুকুরছানা দুটি সত্যিই ইয়ামাল ও ইনেসের হয়ে থাকলে, নতুন পোষ্যদের সঙ্গে কেইনের মুহূর্তগুলোও ভবিষ্যতে ভক্তদের জন্য দারুণ আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
ডিবিসি/ আরএফই