জাতীয়

শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সহায়তার চেক তুলে দেন এবং গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগকারী এই সেনাসদস্যদের জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আশ্বাস দেন, সরকার ও সেনাবাহিনী সবসময় এই পরিবারগুলোর পাশে থাকবে এবং তাদের প্রয়োজনীয় দেখভাল করবে। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারীতে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহিদ হন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত। সাক্ষাতের সময় আবু বকর সিদ্দিকের স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা এবং বাবা-মা উপস্থিত ছিলেন। অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।

 

আর্থিক সহায়তার পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে এই দুই শহিদ সেনাসদস্যের স্থায়ী ঠিকানায় একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও তাঁদের স্ত্রীদের জন্য চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা প্রদানের কথাও জানানো হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন